
শিক্ষা দীক্ষায় অনগ্রসর দূর্গম পাহাড়ী অঞ্চলের শিশুদেরকে আলোকিত মানুষরূপে গড়ে তোলার প্রয়াসে বান্দরবান ফাতিমা রাণী ক্যাথলিক চার্চের প্রথম পালপুরোহিত ধর্মপ্রাণ মানব সেবক শ্রদ্ধেয় ফাদার লিও গোমেজ খ্রিষ্ট্রিয় সাধক “সাধু ডন বস্কো” এর নাম অনুসারে ১৯৫৮ সালে ডন বস্কো স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা শুরু করেন। ১৯৬৬ সালে ডন বস্কো স্কুলকে নিম্নমাধ্যমিকে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়। ১৯৭৩ সালে প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। ১৯৭৫ সাল হতে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হয়। ১৯৭৬ সালে মহাকুমা প্রশাসকের নেতৃত্বে নয় সদস্যের ম্যানেজিং কমিটি গঠিত হয় এবং ঐ বছরই ডন বস্কো উচ্চ বিদ্যালয়ের পথচলা শুরু হয়। তখন প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন মিসেস্ মারিয়া বাড়ৈ। ১৯৭৭ সালে মিশন কর্তৃপক্ষ রেজি:কৃত দানপত্র দলিলমূলে ২ একর জায়গাসহ বিদ্যালয়টি পরিচালনার সার্বিক দায়িত্ব স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করেন। সে হতে অদ্যাবধি বিদ্যালয়টি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। হস্তান্তরকালীন অত্র বিদ্যালয়টি ছিল টিন, বাঁশ ও বেড়ার তৈরি। অত্র বিদ্যালয় হতে শিক্ষার্থীরা ১৯৭৮ সালে প্রথম বারের মত কুমিল্লা বোর্ডের অধীনে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে । বিদ্যালয়টি ১৯৮০ সালে এম.পি.ও ভূক্ত হয়। ২০২০ সাল হতে অত্র বিদ্যালয়ে কারিগরি শাখা চালু হয়। বর্তমানে কারিগরি শাখায় পর্যাপ্ত সুবিধাসমেত দুইটি ট্রেড (আইটি সাপোর্ট, রেফ্রিজারেশন) চালু আছে।